অপরূপ সাজে নতুন করে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান। তবে শুধু সাজ নয়, তার ছবির ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন জয়া আহসান।
ছবিতে তাকে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়িতে। শাড়ির পাড়ে ধূসর-গোলাপি নকশা, সঙ্গে মানানসই ব্লাউজ। কানে বড় দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা তার সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।
কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন অভিনেত্রী। সাদামাটা সাজেও তার উপস্থিতি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে।
এর আগে একই সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার প্রকাশ করলেন একগুচ্ছ স্থিরচিত্র। ছবিগুলো প্রকাশের পর তার সাজের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। তবে ছবির ক্যাপশনেও রয়েছে বিশেষ আকর্ষণ। শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্ক্তি জুড়ে দিয়ে জয়া লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন, জানে সে জন- পিরিতের কি বেদনা...’
গানের কথায় প্রেমের অনুভূতি ও বিরহের সুর থাকলেও ছবিতে জয়ার উপস্থিতি স্নিগ্ধ ও সাবলীল। সাজ আর ক্যাপশনের এই সমন্বয় ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।
অভিনয়ের পাশাপাশি পোশাক ও ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক সাজে, কখনো দেশীয় ঐতিহ্যকে ধারণ করে ভিন্ন ভিন্ন রূপে হাজির হন তিনি।
