গত মৌসুমে বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে ভালো পারফরম্যান্সও করেছিলেন। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নতুন মৌসুমের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রিশাদকে নতুন মৌসুমের জন্য ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট। আগামী মৌসুমে অ্যাডাম জাম্পাও খেলবেন হোবার্টের হয়ে। ফলে দুই লেগ স্পিনারের দারুণ এক জুটি দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
গত আসরে হোবার্ট ফাইনালে উঠতে পারেনি। চ্যালেঞ্জারে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নেয় রিশাদের দল। সেই ম্যাচে ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন তিনি। আর আসরে হোবার্টের হয়ে ১২ ম্যাচে সর্বোচ্চ ১৫ উইকেটও তিনিই শিকার করেছিলেন। বোলিং করেছিলেন ৭.৮২ ইকোনমি রেটে। সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। ওই পারফরম্যান্সে হয়েছিলেন হোবার্টের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’। নতুন মৌসুমেও তাকে ধরে রেখে হোবার্ট বুঝিয়ে দিয়েছে, রিশাদকে তাদের কতটা দরকার।
হোবার্ট হারিকেনসের জেনারেল ম্যানেজার হাই পারফরম্যান্স স্যালিয়ান বিমস জানান, হোবার্টে ফেরার ব্যাপারে রিশাদ হোসেনের দৃঢ় আগ্রহ চুক্তি চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিমস বলেন, ‘রিশাদ আমাদের কাছে বিষয়টি একেবারে পরিষ্কার করে দিয়েছিল যে, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবারও ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে।’
তিনি আরও বলেন, ‘অ্যাডাম জাম্পাকে দলে নেওয়ার পর আমাদের দল গঠনের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছিল। তবে রিশাদের মতো মানসম্পন্ন একজন ক্রিকেটার যখন হারিকেন্সে ফিরতে এতটা আগ্রহী, তখন আমরা সেই সুযোগ বাস্তবায়নের সব পথ খতিয়ে দেখতে চেয়েছি।’
বিগ ব্যাশের নতুন মৌসুম শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ ১৩ ডিসেম্বর। এর পরই অস্ট্রেলিয়ায় যেতে পারবেন ২৪ বছর বয়সি লেগ স্পিনার। ২০২৪-২৫ মৌসুমেই হোবার্টে প্রথম খেলার কথা ছিল রিশাদের। তবে সেবার চুক্তি করলেও বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা মিলিয়ে আর যাওয়া হয়নি। আর গত মৌসুমে বিপিএল বাদ দিয়েই সেখানে খেলতে যান রিশাদ।