প্রকাশিত: ১১:০৩, ২২ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় নিহত যুবকের ব্যবহৃত নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তুষার নগরীর জিন্নাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাধক সম্রাট পলাশের সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তুষারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, নিহত তুষার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহত তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
