প্র্যাকটিসে ম্যাকলারেনEi Samay
Published on
:
2 min read
এই সময়: দুই মেজাজে দুই টিম।
সোমবার চলতি মরশুমের আইএসএলে প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামার আগে যখন বেশ চাপে মোহনবাগান, তখন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ–টুয়ের গ্রুপ লিগের ম্যাচ খেলতে ওমানে পৌঁছে গেল ফুরফুরে মেজাজের ইস্টবেঙ্গল। ওমানে মঙ্গলবার আন্তনিও আবাসের টিম খেলবে স্থানীয় আল সিব ক্লাবের বিরুদ্ধে। গ্রুপ লিগের প্রথম ম্যাচে যুবভারতীতে ইরাকের আল শার্তোর বিরুদ্ধে হারলেও ওমানের টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী আনোয়ার আলিরা। কারণ তাঁরা এই কঠিন ম্যাচের প্রস্তুতি হিসেবে আইএসএলের দুটো অ্যাওয়ে ম্যাচেই দারুণ খেলেছেন। গোয়ার মাঠে ৪–০ জিতেছেন চার্চিলের বিরুদ্ধে। আর পুনের মাঠে ৫–১ জয় তুলে নিয়েছেন ইন্টার কাশীর বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, মরশুমে এই প্রথমবার আবাস তাঁর পূর্ণ শক্তি হাতে পাচ্ছেন। টিমের সকলেই ম্যাচ ফিট।
এই জায়গাতেই একটু চাপে মোহনবাগানের গ্রিক কোচ পানোস। আইএসএলে প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুন বাহিনী জয় পেয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। কিন্তু চেন্নাইয়িনের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচের আগে বাগান কোচকে ভাবাচ্ছে তাঁর টিমের চোট–অসুস্থতা। ক’দিন ধরেই জ্বরে ভুগছিলেন আপুইয়া। শনিবার তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ডেঙ্গি হয়েছে সন্দেহে। ফলে তাঁর খেলার কোনও সুযোগ নেই।
দিল্লি ম্যাচে দাপট রেখে খেলেছিলেন মিগুয়েল। কিন্তু শনিবার তাঁর পায়ের একটা পুরোনো ব্যথা বাড়ায় তিনি প্র্যাক্টিস না করে রিহ্যাব সেরেছেন। শিল্ড ফাইনালে কুঁচকিতে চোট পাওয়া ম্যাকলারেন এখনও ফিট নন। তিনিও রিহ্যাব সারছেন। চেন্নাইয়িন ম্যাচে তিনি স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে যে খেলবেন না তা নিশ্চিত। মিগুয়েলের বদলে সাহল ও আপুইয়ার জায়গায় দীপক টাংরিকে তৈরি রাখছেন পানোস। তবে সমস্যা থেকে যাচ্ছে প্রচুর সুযোগ তৈরি করেও গোল করতে পারার লোক না থাকার জায়গায়। পানোসের বেশি চিন্তার কারণ সেটাই।
