সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, গতকাল সন্ধ্যার ওই হামলায় আহতদের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য হলেও কারো কারো অবস্থা গুরুতর। হামলার পরপরই আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
একই দিন শায়বাহ জ্বালানি তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ঘটনায় দুজন নিহত হন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
গত ১১ অক্টোবর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো উড়ন্ত বস্তু দিয়ে চালানো হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ।
এদিকে চলমান হুথি হামলার প্রেক্ষাপটে গতকাল সৌদি আরবে অবস্থিত কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি মিশন থেকে কূটনৈতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
গতকাল রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুথিদের সম্ভাব্য আরো হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
