ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার, হত্যায় ব্যবহৃত শাবল ও রক্তমাখা গামছা
নিজস্ব প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০), তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) এবং জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটায় যাওয়ার কথা বলে অটোভ্যানচালক শাখাওয়াত হোসেনের ভ্যানটি ভাড়া নেন হাবিল উদ্দিন। পরে ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে নির্জন এলাকায় পৌঁছালে তিনি লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করেন। এতে শাখাওয়াতের মৃত্যু হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর হাবিল নিহতের গামছা দিয়ে রক্তের দাগ মুছে ফেলেন। এরপর ব্যবহৃত লোহার শাবল ও রক্তমাখা গামছাটি ব্রিজের নিচে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে চলে যান। পরে চক্রের আরেক সদস্য আনোয়ার হোসেনের সহযোগিতায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হওয়ার পর জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজু কামাল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

