ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় আবেগঘন পরিবেশে উপস্থিত ছিলেন শহীদ সাদের বাবা। আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ। তাঁরা শহীদ সাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে শহীদ সাদের বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তাঁর ছেলের স্মৃতিস্তম্ভ যেন কেবল ইট-পাথরের স্থাপনা হয়ে না থাকে। এটি যেন অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের সংগ্রাম এবং সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ দ্রুত শেষ হলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে সাদের বীরত্বগাথা থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। জাতি চিরকাল তাঁর বীরত্ব ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে অর্জিত মূল্যবোধ ধরে রাখতে এ স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যেভাবে শহীদ হন আফিকুল ইসলাম সাদ, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন আফিকুল ইসলাম সাদ। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট শেষনিশ্বাস ত্যাগ করেন এই তরুণ।
যে প্রাঙ্গণে আন্দোলন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন সাদ, ঠিক সেই স্থানেই নির্মিত হতে যাচ্ছে তাঁর স্মৃতিস্তম্ভ। স্থানীয়দের প্রত্যাশা, এই স্থাপনা শহীদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে আগামী প্রজন্মকে।
The post ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন appeared first on ভোরের চেতনা.
