মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করে দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মহড়ায় ভূমিকম্পের সময় নিরাপদে থাকার কৌশল, অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রম, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং আগুন নেভানোর বাস্তব পদ্ধতি প্রদর্শন করা হয়। দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার কৌশল তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় মহড়া দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসীন আলম এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা এবং আগাম প্রস্তুতির বিকল্প নেই। বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার বাস্তব জ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সচেতনতা সৃষ্টি ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে কর্মসূচি শেষ হয়।
The post দুর্যোগে আতঙ্ক নয়, প্রস্তুতিই বাঁচাবে প্রাণ: দৌলতপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া appeared first on ভোরের চেতনা.
