পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়ার দুই দিন পর রাইয়ান নামে এক শিশুর বস্তাবন্দি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাইয়ান (১) ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ০৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আল-আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন। এর কিছুক্ষন পরই শিশুটি নিখোঁজ হয়। পারবারিক বিরোধের জেরে আল-আমিন শিশু রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় রাতেই আল-আমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির মা রুমানা। এর পর আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
