নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান রাজিব কসবা উপজেলার বাদৈর মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। অভিযানের সময় তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন, সংশ্লিষ্ট বিকাশ নম্বরের তথ্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি-সংক্রান্ত আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বেশ কয়েক দিন ধরে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিষয়ে ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় বিকাশের মাধ্যমে কিছু টাকা গ্রহণের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশ কাজ শুরু করে। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের সমন্বয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিবির আইটি শাখার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করেন। পরে কসবার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অন্যদের প্ররোচনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
পরে সাত দিনের রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
The post কসবায় বসে নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক আটক appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
