Published on
:
1 min read
‘কাঁচা বাদাম’ গানে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি অরোরা। সোশ্যাল মিডিয়ার সেই পরিচিত মুখকে ঘিরেই এ বার নতুন বিতর্ক। উত্তরপ্রদেশের কানপুরে একটি অনুষ্ঠানে মাঝপথে মঞ্চ ছেড়ে চলে যাওয়া এবং শহরবাসীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অঞ্জলিকে ১ কোটি ২০ লক্ষ টাকার আইনি নোটিস পাঠিয়েছেন অনুষ্ঠানের আয়োজকেরা। শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। অঞ্জলির ম্যানেজার প্রীতি দুবেকেও এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
বিতর্কের সূত্রপাত গত ১৫ অক্টোবর কানপুরের লাজপত ভবন লনে আয়োজিত ‘নগাড়া নাইট’ ডান্ডিয়া অনুষ্ঠানে। আয়োজকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান ছেড়ে চলে যান অঞ্জলি। এর ফলে দর্শক ও আমন্ত্রিত অতিথিরা অসন্তুষ্ট হন এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। অন্য দিকে, অঞ্জলির দাবি, অনুষ্ঠানের ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহারের কারণেই তিনি অস্বস্তিতে পড়েছিলেন। ফলে এই ঘটনাকে ঘিরে দু’পক্ষের মধ্যে বিরোধ ক্রমশ বাড়ছে।
সূত্রের খবর, অনুষ্ঠানের আয়োজকদের তরফে আইনজীবী করিম আহমেদ সিদ্দিকি অঞ্জলি অরোরা ও তাঁর ম্যানেজারকে আইনি নোটিস পাঠিয়েছেন। সেখানে মোট ১ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এর মধ্যে ১ কোটি টাকা মানহানির অভিযোগে এবং বাকি ২০ লক্ষ টাকা অনুষ্ঠানে কথিত আর্থিক ক্ষতির জন্য চাওয়া হয়েছে।
আয়োজকদের দাবি, অঞ্জলির সঙ্গে মঞ্চে প্রায় ৪৫ মিনিট থাকার এবং স্পনসর ও বিশিষ্ট অতিথিদের স্মারক দিয়ে সম্মান জানানোর বিষয়ে চুক্তি হয়েছিল। এই অনুষ্ঠানের জন্য তাঁকে ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি তাঁদের। পাশাপাশি যাতায়াতের জন্য অতিরিক্ত এক লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
