আজকাল ওয়েবডেস্ক: প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের সিয়াং আপার বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য অরুণাচল প্রদেশের পাসিঘাটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ‘র্যাপিড অ্যাকশন ফোর্স’ (র্যাফ)-এর দু’টি কোম্পানি পাঠাল কেন্দ্র।
শনিবারই নভি মুম্বই থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে র্যাফ-এর প্রায় ২৫০ জন জওয়ানকে সেখানে উড়িয়ে আনা হয়। এলাকা শান্ত রাখতে রাজ্যের স্থায়ী বাহিনী ছাড়াও অতিরিক্ত সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। সংঘাত সামলাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েক জন জওয়ান।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে একদল লোক এনএইচপিসি-র কার্যালয় ও থানায় আগুন লাগিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় রাজ্যের বিজেপি সভাপতি-সহ তিন নেতার বাড়িতেও।
তার আগে ওই প্রকল্প বাতিলের দাবিতে এলাকায় ১২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়। দিনভর পরিবেশ শান্ত থাকলেও গভীর রাতে আচমকা তাণ্ডব শুরু হয়, যা চলে শনিবার ভোর পর্যন্ত।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গণতন্ত্রে আন্দোলনের অধিকার থাকলেও সরকারি সম্পত্তি নষ্ট করা বা আইনশৃঙ্খলা ভাঙা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
