নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার মোশাররফ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, মোসাদ্দেক হাসান ৯ মাস আগে বিয়ে করেছেন। এক মাসে আগে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন। তিন দিন আগে আবার তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীর জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে তার জ্বর বেড়ে যায় ও খিচুনি শুরু হয়। চিকিৎসকরা চেষ্টা করলেও বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। পরে রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানো দাফন করা হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন। তাদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
অন্যদিকে, গত ১২ অক্টোবর সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তারতীলুল কোরআন একাডেমি নামের একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক হাফেজ শামসুল ইসলাম। তিনি গত ৯ অক্টোবর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আজহারুল ইসলাম জাহিদ।
