আলমগীর হোসেন বাদশা
তেজগাঁও সরকারি গভঃ হকার্স মার্কেটের ভেতরে নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা ৪টি গ্রিল ওয়ার্কসের দোকান অনতিবিলম্বে উচ্ছেদে প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা। কাঁচা বাজারের জন্য লিজ নেওয়া জায়গায় এই অবৈধ কারখানাগুলো চলায় একদিকে যেমন সরকারি শর্তের চরম লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে বিকট শব্দদূষণে পুরো বাজার এখন ক্রেতাশূন্য হতে চলেছে।
ভুক্তভোগী কাঁচা বাজার ও মাংসের দোকানিরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লোহার পাত কাটা ও ওয়েল্ডিংয়ের কানফাটা শব্দে বাজারে টেকাই দায় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও বাজার কমিটি কোনো সমাধান না করায়, এখন সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা সরাসরি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এসে এই তীব্র শব্দে তাদের কান ঝালাপালা হয়ে যায়। তাই বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই ৪টি গ্রিলের দোকান দ্রুত অপসারণ করা এখন সময়ের দাবি। ব্যবসায়ী ও ক্রেতা উভয়েরই স্পষ্ট কথা—কর্তৃপক্ষ যদি দ্রুত আইনি পদক্ষেপ না নেয়, তবে এই ঐতিহ্যবাহী কাঁচা বাজারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
