সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের এক সহযোগীকে লেবানন থেকে গোপন অভিযান চালিয়ে ধরে নিয়ে এসেছে সিরিয়া ও তুরস্কের গোয়েন্দারা। আলি কায়ালি নামে ওই ব্যক্তি সিরিয়ার প্যারামিলিটারি বাহিনীর প্রধান ছিলেন বলে জানিয়েছে সিরিয়া।
শুক্রবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা এএফপিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, সিরীয় ও তুর্কি গোয়েন্দারা আলি কায়ালিকে অপহরণ করে নিয়ে গেছেন।
২০১৩ সালে সুন্নি অধ্যুষিত বানিয়াস ও বায়দাদ শহরে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে আলি কায়ালির বিরুদ্ধে। ওই দুই শহরে সে সময় ২৪৮ জনকে হত্যা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আলি কায়ালি তুর্কি বংশোদ্ভূত হলেও বেড়ে উঠেছেন সিরিয়ায়। সূত্রটির দাবি, লেবাননের সঙ্গে সমন্বয় করে তাঁকে ধরে আনা হয়েছে। তবে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, অভিযান সম্পর্কে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি।
লেবাননের ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, সিরিয়া ও তুরস্কের গোয়েন্দা সদস্যরা বৈরুতের কাছে মানসুরিয়াহ এলাকা থেকে আলি কায়ালিকে ধরে নিয়ে প্রথমে লেবাননে অবস্থিত সিরিয়ার দূতাবাসে নেন। পরে তাঁকে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাসার আল আসাদ রাশিয়ার রাজধানী মস্কোয় পালিয়ে যান। তাঁর সহযোগীদের বেশির ভাগ লেবাননে আশ্রয় নেন।
