ছবির ক্যাপশন: .............
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ধারালো অস্ত্রসহ এক দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। সোমবার (১৯ অক্টোবর) বন্দর উপজেলার বাবুপাড়ার শ্রী শ্রী লালজি মন্দির নাসিক পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আটককৃত তরুণের নাম মোঃ আরাফাত হোসেন (২০)। মণ্ডপের প্রতিমার কাছাকাছি পৌঁছানোর আগেই তাকে ধরে ফেলেন নিরাপত্তায় নিয়োজিত দুই সতর্ক প্রহরী। তারা হলেন অঙ্গীভূত আনসার ও মন্ডপের সেকশন কমান্ডার মোঃ খাইরুল ইসলাম এবং ভিডিপি সদস্য মোঃ রিফাত হোসেন। তাদের এই তাৎক্ষণিক সাহসিকতায় মণ্ডপটি এক বড় ধরনের রক্তক্ষয়ী দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অভিযুক্ত আরাফাত হোসেনের কাছ থেকে একটি ৩২ ইঞ্চি লম্বা ছুরি এবং একটি ১২ ইঞ্চি ছোট ছুরি উদ্ধার করা হয়। মণ্ডপে দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যরা তাকে হাতেনাতে আটক করে পরবর্তীতে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।সারাদেশে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে, উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
