কালবেলা · বিনোদন
এখন নেটফ্লিক্সে দেখা যাবে হইচইয়ের কনটেন্ট
২৩/১০/২০২৬

বিনোদনপ্রেমীদের জন্য বিশাল সুখবর নিয়ে এলো নেটফ্লিক্স ও হইচই। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাল হইচই। খবরটি দর্শকদের জন্য বিরাট চমক। বাংলা ভাষার সেরা ও অরিজিনাল সব কনটেন্ট এবার পৌঁছে যাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে। হইচইয়ের সেরা সিনেমা, সিরিজ এবার হিন্দি ভাষায় দেখা যাবে নেটফ্লিক্সেও। সঙ্গে চমক থাকছে আরও।
কেবল হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষাতেও দেখা যাবে বাংলার এই কনটেন্টগুলো। দুই প্ল্যাটফর্মের যৌথ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয়েছে—‘এবার এটা আরও বড়, বোল্ড। বাংলা এবার আসছে নেটফ্লিক্সে।’
থ্রিলার থেকে শুরু করে উপন্যাসভিত্তিক সিরিজ, ভৌতিক গল্প কিংবা টানটান উত্তেজনার কোর্টরুম ড্রামা—দর্শকদের জন্য থাকছে নানা স্বাদের বিনোদনের সমাহার। নেটফ্লিক্সে জায়গা পাওয়া ১৪টি জনপ্রিয় ও সাড়া জাগানো বাংলা কনটেন্ট হলো- ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যারজি’, ‘আনজান সায়ে’, ‘দ্য কার্স অফ পর্ণশবরী’, ‘ব্লাডলাইন’, ‘দ্য অ্যাডভেঞ্চার অফ দাদি অ্যান্ড জগ্গা’, ‘রাত অভি বাকি বাকি হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’, ‘শাদি কা সিয়াপ্পা’, ‘কুইন্স’ এবং ‘পরিণীতা: এ লাভ স্টোরি’। থাকছে বাংলাদেশের ‘মহানগর’-ও। মোদ্দাকথা, সব ধরনের বাংলা কনটেন্টই এখন নেটফ্লিক্সে পাবেন দর্শকরা।
শুধু পুরোনো এই সিরিজগুলো নয়, নতুন বা আসন্ন বাংলা সিরিজগুলোও দেখা যাবে নেটফ্লিক্সে। বাংলার পাশাপাশি সেগুলো হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আসছে। সেই তালিকার শীর্ষে থাকবে জীতু কামাল, শোলাঙ্কি রায় অভিনীত ‘দ্য কার্সড টেম্পল অফ কাউরিবুড়ি’।
হইচই স্টুডিওজ প্রযোজিত এই অরিজিন্যাল কনটেন্টগুলোর হাত ধরে দুই প্ল্যাটফর্মের এই অংশীদারত্ব বাংলা বিনোদন জগৎকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে দর্শকদের জন্য আরও আকর্ষণীয় চমক অপেক্ষা করছে!
সূত্র: আজকাল
মূল প্রতিবেদনে যান ↗