একের পর এক মাওবাদী নেতা আত্মসমর্পণের প্রেক্ষিতে মাওবাদী ‘ডেরা’ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। তিনটি রাইফেল, একটি রিভলভার এবং ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে পুরুলিয়া জেলার সীমান্তবর্তী এলাকায়।
সম্প্রতি মদন, রবি, মীরার মতো মাওবাদী নেতা-নেত্রী আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। সংগঠনের একাধিক সদস্য অস্ত্র নামিয়ে পুলিশের হাতে ধরা দিয়েছেন। এই প্রেক্ষিতে অস্ত্র উদ্ধারের তথ্য জানাল পুলিশ। মঙ্গলবার পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘আত্মসমর্পণকারী মাওবাদীদের জেরা করা হয়েছিল। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার ঝাড়খণ্ড সীমান্ত দুয়ারসিনি এলাকায় একটি বাড়িতে হানা দেওয়া হয়। সেখানে একটি ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’’
পুলিশ সুপার আরও জানিয়েছেন, চলতি বছরের অগস্ট এবং সেপ্টেম্বরে এসটিএফ, ঝাড়খণ্ড পুলিশ এবং বাঁকুড়া জেলা পুলিশ লাগাতার অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ড পুলিশের হাতে ১৫ জন মাওবাদী মারা যান। তার পর থেকেই মাওবাদীদের গতিবিধিতে রাশ টানা গিয়েছে। তবে আরও কিছু গোপন জায়গায় মাওবাদীদের আগ্নেয়াস্ত্র লুকোনো রয়েছে বলেও অনুমান পুলিশের। এমন অভিযান আগামিদিনেও চলবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
