
জালালাবাদ ডেস্ক : চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এসময়ে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। মূলত দেশে কার্যরত বিদেশি বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগ করা আয় বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে এতে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে পুনর্বিনিয়োগ করা আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ বেড়ে ২৬০ দশমিক ৯১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে নতুন ইকুইটি বিনিয়োগ এবং আন্তঃকোম্পানি ঋণের নিট প্রবাহ কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে নিট ইকুইটি বিনিয়োগ হয়েছে ৭৭ দশমিক ৪২ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৭ শতাংশ কম। অন্যদিকে, নিট আন্তঃকোম্পানি ঋণপ্রবাহ ৮৫ দশমিক ১৭ শতাংশ কমে ৮ দশমিক ৬১ মিলিয়ন ডলারে নেমেছে। এ খাতে মোট ৩৩৩ দশমিক ৮০ মিলিয়ন ডলারের ঋণপ্রবাহ থাকলেও আগের ঋণ পরিশোধের কারণে নিট প্রবাহ কমেছে।
বিশ্বের ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানির উচ্চমূল্য নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণে চাপ তৈরি করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা আবার বাংলাদেশে বিনিয়োগের প্রবণতাই সামগ্রিক এফডিআই প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।
তবে সংস্থাটি জানায়, অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এপ্রিল-জুন প্রান্তিকে এসব অঞ্চলে নিট এফডিআই দাঁড়িয়েছে ৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩৩ শতাংশ কম। কিন্তু আগের প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিট এফডিআই ছিল মাত্র ০ দশমিক ৪২ মিলিয়ন ডলার। সে হিসাবে এক প্রান্তিকের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের বাইরের খাতে নিট এফডিআই ২০ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৮০ দশমিক ৮৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সারা দেশে বিনিয়োগ সহায়তা এবং অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করে ইনভেস্ট বাংলাদেশ।
ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন উইং) নাহিয়ান রহমান রচি বলেন, বিনিয়োগ পরিবেশের মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আরও বেশি ও টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ। সম্প্রতি কয়েকটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ঘোষণাও আশাব্যঞ্জক। সংস্থাটির ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে থাকা প্রকল্পগুলোকে বাস্তব বিনিয়োগ ও বাস্তবায়নের পর্যায়ে নিতে কাজ চলছে।
