ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টেনে সম্প্রতি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, যাঁর অধীনে মুম্বাই তিনটি শিরোপা ঘরে তুলেছিল। তাঁরই স্থলাভিষিক্ত হলেন ৩৯ বছর বয়সী পোলার্ড। গত চার বছর ধরে দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলানোর পর এবার প্রধান কোচের গুরুদায়িত্ব গ্রহণ করলেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজি তাঁর জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এবং খেলোয়াড়দের পাশাপাশি দলটির সমর্থকদের (পল্টন) সঙ্গে তাঁর যে নিবিড় আত্মিক সম্পর্ক, তা তাঁর কাছে অনেক বড় তাৎপর্য বহন করে। ক্রিকেটার হিসেবে নিজের আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় (২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত) মুম্বাইয়ের নীল জার্সিতেই কাটিয়েছেন এই অলরাউন্ডার। এই সময়ে ১৮৯ ম্যাচে ৩ হাজার ৪১২ রান এবং ৬৯টি উইকেট শিকার করেন তিনি। খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের পাঁচটি শিরোপা জয়েই (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) মাঠে বড় অবদান রেখেছিলেন তিনি।
নতুন প্রধান কোচ হিসেবে পোলার্ডকে বরণ করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তিনি জানান, ২২ বছর বয়সে একজন তরুণ প্রতিভা হিসেবে দলে যুক্ত হয়ে গত ১৬ বছর ধরে পোলার্ড এই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। একজন খেলোয়াড় হিসেবে অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পাশাপাশি কোচ হিসেবেও তিনি নিজের অভিজ্ঞতা ও গভীর ক্রিকেটবোধ দিয়ে দলকে সমৃদ্ধ করেছেন। মুম্বাইয়ের জার্সির মর্যাদা পোলার্ড খুব ভালোভাবেই বোঝেন উল্লেখ করে নীতা আম্বানি আশা প্রকাশ করেন, তাঁর সংকল্প ও বিশ্বাস দলকে আগামী দিনেও সাফল্যের ধারাবাহিকতায় রাখবে।
জয়াবর্ধনের পদত্যাগের পর মুম্বাইয়ের কোচ হওয়ার দৌড়ে ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের নাম শোনা যাচ্ছিল। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে, দ্রাবিড় অন্তত আরও এক মৌসুম কোনো দলের কোচিংয়ে না জড়িয়ে বিশ্রামে থাকতে চান। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগানের নাম আলোচনায় এলেও তাঁরা কেউই আপাতত আইপিএলের কোচিংয়ে আগ্রহ দেখাননি। ফলে সবদিক বিবেচনা করে দীর্ঘদিনের পরীক্ষিত ও দলের অন্দরমহল চেনাজানা কাইরন পোলার্ডের ওপরই শেষ পর্যন্ত আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
