দেশের প্রশাসনিক প্রধান কার্যালয় বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলানগরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ লক্ষ্যে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সচিবালয় এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে।
গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। প্রকল্পটি নিয়ে শিগগিরই পরিকল্পনা কমিশনে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন সচিবালয় নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজও চলছে। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রস্তাবিত ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে প্রাথমিক নকশা বা লে-আউট তৈরি করেছে।
গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, নতুন সচিবালয়ের নকশা প্রধানমন্ত্রী দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শগুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
এমএ
