ফলো অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হাতে এখনও ৬ উইকেট আছে। যদিও চোটের জন্য নির্ধারিত পজিশনে না নামা স্টিভ স্মিথকে নিয়ে শঙ্কায় তারা। এর বাইরে চতুর্থ দিন শেষে প্যাট কামিন্সের দল ১৭০ রানে পিছিয়ে আছে। ফলে শেষ দিনে নামার আগে গবেরহা টেস্টে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে আজ (বুধবার) চতুর্থ দিনে খেলতে নেমে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে স্রেফ ৯৯ রানে গুটিয়ে যায়। ফলে নিজেদের ইনিংসে ৪২৫ রান করা প্রোটিয়ারা পায় ৩২৬ রানের লিড। এরপর ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনে পড়া অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে। দিনশেষে ট্রাভিস হেড ৮৭ রানে অপরাজিত আছেন।

হার দিয়ে সিরিজ শুরু করা স্বাগতিকদের চলমান দ্বিতীয় টেস্টে অলরাউন্ড নৈপুণ্যে নেতৃত্ব দিচ্ছেন মার্কো জানসেন। ৮৫ রানের পর প্রথম ইনিংসে তিনি অজিদের ৫ উইকেট নিয়েছেন। অবশ্য তার আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংস খেলেন।
ফলো অনে পড়ার পর অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয় তৃতীয় ওভারে নিক ম্যাডিনসনকে হারিয়ে। প্রথম ইনিংসের মতো এবারও তিনি ফেরেন কাগিসো রাবাদার বলে। শুরুর ধাক্কা সামাল দিয়ে অস্ট্রেলিয়া পথে ফেরে মার্নাস লাবুশেন ও হেডের ব্যাটে। তবে লাবুশেন ৩৯ রান করার এলবিডব্লিউ হয়ে ধৈর্য্য হারান। সিমন হারমারের বলে তিনি ক্যাচ দিয়েছেন।

স্মিথের জায়গায় নেমে ম্যাট রেনশ বেশিক্ষণ টিকতে পারেননি। রাবাদার ভেতরের ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে ১১ রানে বোল্ড হন তিনি। ৩৩ বলে ৮ রানের ইনিংস থামে ব্যু ওয়েবস্টারের। ১৫০ রানে অস্ট্রেলিয়া চতুর্থ উইকেট হারানোর পর স্কট বোল্যান্ড নামেন নাইটওয়াচম্যান হিসেবে। দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন রাবাদা ও হারমার।
এএইচএস
