অনলাইন ডেস্ক
আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।
দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিক সমাজ পেশাগত অধিকার, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন আয়োজন করছে। সরকারি ও বেসরকারি পর্যায়েও নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
ইউনেস্কোর সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে দিনটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাজধানীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
