‘সত্য, সাহস, সুন্দর’ এবং ‘অগ্রযাত্রার চার বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার বলিভদ্র দাখিল মাদ্রাসা ও হযরত খাব্বাব (রাযি.) দারুল উলূম মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হজরত খাব্বাব (রাযি.) দারুল উলূম মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মোশাররফ হোসেনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ জামালী, শিক্ষক হাফেজ মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বক্তারা গত চার বছরে দৈনিক কালবেলার সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অতি অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি দলমতের ঊর্ধ্বে উঠে আপসহীনভাবে জনমানুষের কথা তুলে ধরে পাঠকদের অন্তরে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে।
আলোচনা সভা শেষে দৈনিক কালবেলার উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও পাঠকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অগ্রগতি, শান্তি এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ওলামা-মাশায়েখ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
