জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
-->এশিয়ান কাপে ব্যর্থতার পর জাতীয় দলের কয়েকজন ফুটবলারের নাইটক্লাবে যাওয়া ও সাম্প্রতিক সময়ে টাঙ্গাইলে খ্যাপ খেলতে যাওয়ার অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অভিযুক্ত খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করবেন তিনি।
গতকাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তাবিথ। বৈঠকে বাফুফের ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তাবিথ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ফুটবলারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি টাঙ্গাইলে খ্যাপ খেলতে যাওয়া খেলোয়াড়দের সঙ্গেও আলাদাভাবে বসবেন। প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন
এশিয়ান কাপের ব্যর্থতা নিয়ে তাবিথ বলেন, ‘জাতীয় দলের প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং প্রস্তুতির সঙ্গে যুক্ত বাফুফের কর্মকর্তাদের কাছ থেকেও প্রতিবেদন চাওয়া হচ্ছে। ভবিষ্যতে দায়িত্ব পালনে গাফিলতি এড়াতে সুনির্দিষ্ট কার্যপদ্ধতি তৈরির সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে আগামী ২৫ অক্টোবর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ক্যাম্প শুরুর পরিকল্পনা রয়েছে বাফুফের। প্রস্তুতির অংশ হিসেবে ৩১ অক্টোবর অথবা ১ নভেম্বর বিদেশি কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানান বাফুফে সভাপতি।
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে প্রতিটি ফিফা উইন্ডোতে অনূর্ধ্ব-২৩ দলকে প্রশিক্ষণে রাখা এবং নিয়মিত প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও জানিয়েছেন তাবিথ।
সাফে ভিএআর প্রযুক্তি চালুর জন্য আয়োজকদের কাছে অনুরোধ জানাবে বাফুফে। একই সঙ্গে এশিয়ান কাপের ভুলত্রুটি শুধরে সাফে ভালো পারফরম্যান্সের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
তোফায়েল/
