অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ উপদেষ্টার বিবৃতি
মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা।
বাংলাদেশ
জার্নাল ডেস্কমুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা। বিবৃতি দেওয়ার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হুসেইন ও আসিফ নজরুল।
বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে চলমান হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের ঘটনায় আমরা নিঃশর্ত ক্ষোভ প্রকাশ করছি এবং সম্ভাব্য কঠোরতম ভাষায় এর নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশ ‘যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল’, তখন অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠনের কাজে সর্বোচ্চ চেষ্টা করেছে উল্লেখ করে এতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং একটি স্বার্থান্বেষী মহল অধ্যাপক ইউনূসকে ঘিরে নিরলসভাবে বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে এবং তাকে শারীরিকভাবে হুমকি দিচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার লক্ষ্যে নেওয়া এ ধরনের কাপুরুষোচিত কৌশলের আমরা তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশের জনগণ এবং তরুণদের বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সংস্কার ও মর্যাদার ঐতিহাসিক আকাঙ্ক্ষাকে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসন ও তার সমর্থকদের বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও প্রচেষ্টার মাধ্যমে মুছে ফেলা যাবে না, এবং তা হতে দেওয়া হবে না বলেও ইংরেজিতে দেওয়া বিবৃতিটিতে বলা হয়েছে।
বিবৃতির নিচে যাদের নাম রয়েছে, তারা হলেন– সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশ জার্নাল/সিএম