প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৩:১১ পিএম
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ইতোমধ্যে ১০০ বিলিয়ন ইউরোরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধান মন্ত্রী পেদ্রো সানচেজ। তার মতে, যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে। এ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ আট মাসে গড়িয়েছে। হামলা-পাল্টা হামলার ঘটনা কমে এলেও হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্পেনের প্রধান মন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতা করে যারা সতর্ক করেছিলেন, তাদের আশঙ্কাই সত্যি হয়েছে।
যুদ্ধের বিরোধিতা করে সানচেজ বলেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, তারা সঠিক ছিলাম যখন আমরা যুদ্ধকে না বলেছিলাম। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’ ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনেও যুদ্ধের বিরোধিতাকারীদের অবস্থানের পক্ষে কথা বলেন স্পেনের প্রধান মন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে যেমন যুদ্ধের বিরোধিতাকারীরা সঠিক ছিলেন, তেমনি যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক পরিণতির কারণেও তাদের অবস্থান যথার্থ ছিল। সানচেজ বলেন, ‘শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতোমধ্যে অনুভূত হচ্ছে।’
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় স্পেন সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা দেওয়া এবং গাড়ি ব্যবহারকারীদের সুরক্ষায় ১২ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।
যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে স্পেনের প্রধান মন্ত্রী বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।’
তথ্যসূত্র: আল জাজিরা
