আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের প্রথম সারির দুই কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এবার জনকল্যাণকারী কাজেও একে অপরকে টক্কর দিচ্ছে। রবিবার 'অ্যানথ্রোপিক'-এর এক জনহিতকর ঘোষণার জবাবে মার্কিন টেক জায়ান্ট ইলন মাস্কও বড় বড় ঘোষণা করেছেন। জানিয়েছেন, আগামী বছর আমেরিকার প্রতিটি শিশুকে তাঁর মহাকাশ গবেষণা সংস্থা 'স্পেসএক্স' (SpaceX)-এর একটি শেয়ার উপহার দেবেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, রবিবার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রোপিক সমাজমাধ্যমে ঘোষণা করে, তারা তাদের মোট শেয়ারের ৫ শতাংশ একটি নতুন 'পাবলিক বেনিফিট ফান্ড' বা জনস্বার্থে দান করবে। তার পরপরই তাঁর উদার মনোভাবের পাল্টা নিদর্শন দেন মাস্কও। প্রতিশ্রুতি দেন, আগামী বছর আমেরিকার প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়া হবে। পাশাপাশি, নিজের সমাজমাধ্যমের পোস্টে খোঁচা দিয়ে লেখেন, "শেয়ার কোনও ফান্ডে না দিয়ে সরাসরি সাধারণ মানুষকে দেওয়া উচিত।"
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮ বছরের কম বয়সিদের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। স্পেসএক্সের সাম্প্রতিক শেয়ার মূল্য ১৪৬.০৩ ডলার হলে মাস্কের এই প্রতিশ্রুতির মোট মূল্যের পরিমাণ হয় প্রায় ১০.৬৬ বিলিয়ন ডলার। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় অপ্রাপ্তবয়স্ক শিশুদের হাতে এই শেয়ার তুলে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু যোগ করেছেন, "এটি সূচনা মাত্র, ভবিষ্যতে এমন আরও পদক্ষেপ করা হবে।"
এমন এক সময়ে মাস্ক এবং অ্যানথ্রোপিকের এই দুই বড় ঘোষণা, যখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক এক সমীক্ষা জানাচ্ছে, ৬৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি প্রয়োজনের তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে এগোচ্ছে।
উল্লেখ্য, মাস্ক সম্প্রতি মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ২৭৬ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়ে রাজনীতির ময়দানেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। চলতি বছরের জুনেই শেয়ার বাজারে আত্মপ্রকাশ করে স্পেসএক্স এবং এর মাধ্যমে মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। যদিও পরবর্তীতে শেয়ারের দর কিছুটা কমায় বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে।
