Published on
:
1 min read
এই বছর অষ্টমীতে মদ বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা ছিল। তার পরেও পশ্চিম মেদিনীপুরে গত বছরের তুলনায় এই বছরে বেড়েছে মদ বিক্রির পরিমাণ। দেশি থেকে বিদেশি, সব ধরনের মদ বিক্রিতেই লাফ দেখা গিয়েছে।
জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অর্থাৎ ১৬-২১ অক্টোবর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে বিদেশি মদ বিক্রি হয়েছে ২,৫২,০০০ লিটার। সেখানে বিক্রি হওয়া দেশি মদের পরিমাণ ২,২১,৫০০ লিটার। পুজোর কয়েকদিনে বিয়ার বিক্রি হয়েছে ১,৭২,০০০ লিটার।
গত বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে বোঝা যাচ্ছে বৃদ্ধির বিষয়টি। গত বছর দুর্গাপুজো ছিল ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিদেশি মদ বিক্রি হয়েছিল ১,৭২,০০০ লিটার। ওই বছরে দেশি মদ বিক্রি হয়েছিল ১,৭০,০০০ লিটার। বিক্রি হওয়া বিয়ারের পরিমাণ ছিল ১,৬০,০০০ লিটার।
এই বছরের সঙ্গে গত বছরের পুজোর দিনসংখ্যা নিয়ে পার্থক্য থাকলেও, বিক্রির দিনের সংখ্যায় পার্থক্য হয়নি। কেন? গত বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ছিল। এই বছর সপ্তমী দুই দিন ছিল। কিন্তু এ বার অষ্টমীতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য। ফলে এ বছরও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনই মদ বিক্রি হয়েছে।