মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান শিক্ষক লিপিকা রানী ও সাংবাদিক শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে। বাল্যবিবাহ, যৌন হয়রানি, বৈষম্য এবং শিশু নির্যাতনের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়তে কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং অধিকার সম্পর্কে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, তাদের প্রতি বৈষম্য দূর করা এবং নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
