অনিরুদ্ধ-কাব্যছবি: সংগৃহীত
Published on
:
1 min read
দীর্ঘদিনের জল্পনার অবসান! জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের CEO কাব্য মারানের বিয়ের খবর ঘিরে এবার নতুন করে চর্চা শুরু হয়েছে। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু’জনে, এমনটাই জানা গিয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তরের (CMO) তরফে প্রকাশিত একটি পোস্ট থেকে। শুধু তাই নয়, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বিয়ের রিসেপশন হওয়ার কথাও জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। কখনও তাঁদের বিয়ে নিয়ে আলোচনা, কখনও আবার সম্ভাব্য বিয়ের জায়গা নিয়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। তবে এবার কাব্যর বাবা-মায়ের সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সাক্ষাৎ এবং রিসেপশনের আমন্ত্রণের খবর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান এবং তাঁর স্ত্রী কাবেরী মারান হায়দরাবাদের জুবিলি হিলসে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানেই তাঁরা তাঁদের মেয়ে কাব্য মারান এবং অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের রিসেপশনে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২১ নভেম্বর চেন্নাইয়ে হবে জমকালো রিসেপশন। তবে গ্রিসে বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি
এর আগে ২০২৫ সাল থেকেই অনিরুদ্ধ ও কাব্যর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দু’জনের পরিবার বিয়ের বিষয়ে আলোচনা করছে বলেও নানা দাবি উঠেছিল। তবে সেই সময় অনিরুদ্ধ নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে রিসেপশনের আমন্ত্রণের খবর প্রকাশ্যে আসায় পরিস্থিতি অনেকটাই আলাদা।
