চলতি মাসেই মাঠে গড়াবে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসর। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে দল পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। ইতোমধ্যে টুর্নামেন্টটিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসিও পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
জানা গেছে, নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য ইতোমধ্যে বিসিবি থেকে এনওসি পেয়েছেন ৬জন বাংলাদেশি ক্রিকেটার। এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন- অলরাউন্ডার শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন এবং চার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী, আকবর আলী, জিসান আলম ও আরিফুল ইসলাম।
এর মধ্যে শেখ মেহেদী ও সাইফুদ্দিন খেলবেন একই দলে। পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন তারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী আর তরুণ ব্যাটার আরিফুল ইসলাম খেলবেন কার্ণালি ইয়াকসে।
অন্যদিকে, তরুণ হার্ডহিটার ব্যাটার জিসান আলম খেলবেন বিরাটনগর কিংসের হয়ে। আর শামীম হোসেন পাটোয়ারী খেলবেন লুম্বিনি লায়ন্সের হয়ে।
আগামী ২৬ অক্টোবর পর্দা উঠবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল।
