কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দিন-দুপুরে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু করে ১৫-২০টি যানবাহনে হানা দিয়ে মোবাইল ফোন, নগদ টাকা লুটে নেয় ডাকাত দল।
কয়েক ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুই দফায় ১৫-২০টি যানবাহনে ডাকাতির ঘটনায় সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীদের একজন রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন তিনি। এসময় তার মোবাইল ফোন, নগদ টাকাসহ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। নিজের জীবন বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
একই দিন দুপুর আড়াইটার দিকে ওই স্থানে দ্বিতীয় দফায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়া যানবাহনের বেশিরভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। এসময় এনজিও ‘মুক্তি’র হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিমসহ শতাধিক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগীরা জানান, মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে তাদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। কয়েক ঘণ্টা ধরে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে। কিছু দুষ্কৃতকারী ও বনদস্যু এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর শীত মৌসুমে ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কে ডাকাতের উপদ্রব বাড়ে। শুষ্ক মৌসুমে এ অঞ্চলে চাষাবাদ বাড়ে আর বাজারগুলোতে পাহাড়ি কলাসহ নানান পণ্য ওঠে। তা ক্রয় করতে ঈদগড়-বাইশারি বাজারে যান ঈদগাঁও এবং আশপাশের এলাকার ব্যবসায়ীরা। আবার ভোগ্যপণ্য পাইকারি কিনতে ঈদগাঁও, চকরিয়া এবং কক্সবাজারে যান ঈদগড়-বাইশারি এলাকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীক লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যবসায়ীদের চলাচলও বাড়ে। এসময় ডাকাতদল হানা দিয়ে ব্যবসায়ী ও পথচারীদের সর্বস্ব লুট করে নেয়। কিন্তু এবারই শীত শুরুর আগে ডাকাতদল সড়কে লুটপাট শুরু করায় উৎকণ্ঠা দেখা দিয়েছে পাহাড় বেষ্টিত এসব এলাকায়। তারা সড়কে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
সায়ীদ আলমগীর/এফএ/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
