ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রী ও এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকা থেকে আন্নিকা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই দিন সকালে পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীর ওপর নির্মাণাধীন সেতুতে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান হাফিজুল ইসলাম (২৮) নামে এক রডমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে আন্নিকা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় আর কে স্টেট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ব্যবসায়ী বিপ্লব শিকদারের মেয়ে।
আন্নিকার বাবা বিপ্লব শিকদার বলেন, পড়ালেখা ও দেরিতে বাড়ি ফেরা নিয়ে তাঁর মা মেয়েকে কিছুটা বকাঝকা করেছিলেন। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আন্নিকা আত্মহত্যা করে বলে তাঁর ধারণা।
অন্যদিকে, সকাল ৯টার দিকে পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীর ওপর নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রডমিস্ত্রি হাফিজুল ইসলাম। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
নিহত হাফিজুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামরামপুর গ্রামের সালামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, পৃথক দুই ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটির ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

