গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সেনাবাহিনী অংশ নেওয়ার তথ্য দিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।
সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
গুগলে আমাদের খবর পেতে
