মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে ১৫০ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের অবৈধ জাল এবং ৭ লাখ টাকা মূল্যের মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। এ সময় নিষেধাজ্ঞা অমান্যসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে ভোলার খাল এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন নদ-নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে শুধু অভিযান পরিচালনাই নয়, জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এ লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করা গেলে ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এ জন্য জেলেদের পাশাপাশি মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।
