গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়া হলে আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের (৫৪) মৃত্যু হয়; ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মোবারক হোসেন (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পূর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বন্দি মোবারক হোসেন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের পর গত ১৬ আগস্ট থেকে মোবারক হোসেন কারাগারে বন্দি ছিলেন।
ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
