বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নতুন কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. বাবুল হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২৭-২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এর আগের কমিটিতে তিনি দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মো. বাবুল হোসেন প্রায় সাড়ে ১২ বছর ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরে কর্মরত আছেন। তিনি ২০০০ সালে ঢাকা বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লেখেন।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (সুমন)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী)।
কমিটির অন্য পদধারীরা হলেন সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম পান্না (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহসভাপতি মোহাম্মদ আলী (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) ও মো. নজরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়) ও মো. সাইফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন খান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক ফরহাদ রহমান সরকার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সালমান সাদেকীন চয়ন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) এবং ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. বশিরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), গোলাম মুর্তজা (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কামরুন নাহার (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খাদেমুল ইসলাম (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. সাহেদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), খন্দকার মোয়াজ্জেম হোসেন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং আবু সালেহ মুহাম্মদ মূসা (ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়)।
সমিতির সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবার সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে।
