কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ধরা পড়া ৯০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে ওই দিন সন্ধায় উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমান।
স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে এমন বড় মাছ কিনে খুচরা বিক্রি করেন।
আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া জানান, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা তার কাছ থেকে আগে থেকেই অর্ডার দিয়ে এসব মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ কেউ চাইলে তাদের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, ‘বর্তমান সময়ে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্রহ্মপুত্র নদে এ ধরনের দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
