"আমাদের হাত আমাদের ভবিষ্যৎ "স্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর পৌরসভা প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস.এম. মিকাইল ইসলাম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ হিসেবে দেখতে চাই। সবাইকে ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র হতে হবে ।
তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো। সারিয়াকান্দি পৌরসভার ইন্জিনিয়ার শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রওশন আলী মন্ডল, বিদ্যালয়ের শিক্ষার্থী, স্হানীয়রাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তারা।
