কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যান পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সার্বভৌমত্বের লঙ্ঘন।
তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী দুই রাষ্ট্রের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। কিন্তু ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব তা ক্ষুণ্ন করছে, যা মোটেই কাম্য নয়। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন।
মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে সংশোধনমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধেরও দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে সতর্ক পদক্ষেপ নেয়া জরুরি।
