চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দবির উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভারতে স্বর্ণ চোরাচালানের সময় তাকে আটক করা হয়। আটক দবির উদ্দিন (৫৫) দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে। তিনি পেশায় কৃষক।
বিজিবি জানায়, ৬ বিজিবির অধীন মুন্সিপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। টহলদলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার কবরস্থানের পাশে সীমান্ত অতিক্রম করে স্বর্ণ পাচারের চেষ্টার খবর পায়। পরে অভিযান চালিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের সময় দবির উদ্দিনকে ছয়টি স্বর্ণের বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
