প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম
ফরিদপুরের কানাইপুর ও মধুখালীতে আলাদা দুইটি মর্মান্তিক সড়ক দুর্ঘনায় মাগুরার পাচ জনসহ মোট ছয় জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ও বিকালে এই দুইটি দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ইজিবাইক ও প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুমি বেগম (৩২) ও তাঁর সাত বছরের ছেলে শাওন নিহত হন। তাদের বাড়ি মাগুরার আলোকদিয়া গ্রামে। হাসপাতালে নেয়ার পর মারা যান ইজিবাইক চালক হাসান শেখ (২৭)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের হবিবর শেখের ছেলে।
এর আগে দুপুর আড়াইটার সময় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতু এলাকায় ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাগুরার সামাজিক সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ টিমের তিন স্বেচ্ছাসেবী নিহত হন। তারা হলে-মাগুরা সদর উপজেলার রাব্বি মোল্যা (২০), নূর মোহাম্মদ ওরফে আরিক (২৯) এবং ঐশী খাতুন (২৫)। এ সময় সাগর বিশ্বাস, জয় শেখ ও রিয়া খাতুন নামের আরও তিন জন গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।
