- ১৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৯
রাশিয়া, ১৬ অক্টোবর: ভয়াবহ ভূমিকম্পের কবলে রাশিয়া। আজ শুক্রবার রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আছড়ে পড়ে। রিখটার স্কেলে এই কম্পনটির মাত্রা ছিল ৭। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল এর কেন্দ্র। এই ভয়াবহ ভূমিকম্পের পর আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা রিং অফ ফায়ার ভূকম্পনপ্রবণ অঞ্চলের অন্তর্গত কামচাটকা।
তবে ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত। মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর মেলেনি।
অপরদিকে, জাপানের আবহাওয়া সংস্থা প্রাথমিকভাবে ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি করেছিল বলে দাবি করা হয়েছে। সেই সতর্কবার্তার জেরে জাপানের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা প্রকাশ করা হয়। যদিও পরবর্তী তথ্য অনুযায়ী, সেখানে কম্পনের মাত্রা ছিল ৬.৯।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এই অঞ্চলের উপকূলের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের জেরে সুনামি আছড়ে পড়েছিল। সমুদ্রে ভেসে গিয়েছিল উপকূলবর্তী একটি গ্রামের অংশ। সেই জেরেই আতঙ্কে এলাকাবাসী। পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসন।
