কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাতের মাদকবিরোধী অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল এসআই শাহানুর আলমের নেতৃত্বে এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক জাকির হোসেনের শয়নকক্ষে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে অফিসার্স চয়েসের ৬১ বোতল, ম্যাকডোয়েলসের ৩৫ বোতল, এসি ব্ল্যাকের ১৫ বোতল এবং অফিসার্স চয়েস ব্লু ব্র্যান্ডের ৩৫ বোতল মদ।
আটক মোঃ জাকির হোসেন রৌমারী উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ
