ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ফুটবলার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। এছাড়াও আসিয়ান কাপের দলের জায়গা না পাওয়া ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের প্রত্যাবর্তন হয়েছে।
টুর্নামেন্টকে সামনে রেখে কোচ টমাস ডুলি অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও প্রবাসী ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছেন।
দলে নতুন মুখ রোনান সুলিভান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলেন এই তরুণ ফরোয়ার্ড।
অন্যদিকে, ১৮ বছর বয়সী মোহাম্মদ মাহে খান খেলছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
এবারের সাফে ছয়টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সাফের ফাইনাল।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান, শুকি ইতোফুসা।
