ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না এসআই রব্বানীর
ছুটি শেষে আর নিজ কর্মস্থলে ফেরা হলো না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর (৩৬)। কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ফেরার পথে এক মর্মান্তিক.....
প্রতিনিধি :: correspondentছুটি শেষে আর নিজ কর্মস্থলে ফেরা হলো না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর (৩৬)। কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানীর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামে। তার বাবার নাম জালাল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি শেষে শুক্রবার রাতে নিজ জেলা রংপুর থেকে প্রাইভেটকারযোগে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। তার গাড়িটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের মাঝের বিভাজকের (ডিভাইডার) সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং চালকের আসনে থাকা গোলাম রব্বানী গুরুতর আহত হয়ে ভেতরেই আটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে রওনা হন স্থানীয়রা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য এবং ডিএমপিতে কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
