কালবেলা · আন্তর্জাতিক
ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
১৮/১০/২০২৬

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) জারি করা নোটিশ টু এয়ারমেন (নোটাম) থেকে এ তথ্য জানা গেছে। খবর জিও নিউজের।
পিএএর এক মুখপাত্র জানান, নতুন নোটামটি ২৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথম এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সর্বশেষ মেয়াদ বাড়ানোর ফলে ভারতীয় উড়োজাহাজের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা অব্যাহত থাকছে।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জেরে ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।
পাকিস্তানের সিদ্ধান্তের জবাবে ২০২৫ সালের ৩০ এপ্রিল পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে ভারত।
এরপর ২০২৫ সালের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালায় ভারত। জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে বড় পরিসরে পাল্টা অভিযান চালায় পাকিস্তান। দেশটির দাবি, অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
ওই সংঘাতের সময় পাকিস্তান দাবি করে, তারা ভারতের আটটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমানও ছিল। এ ছাড়া কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করে দেশটি। প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা সংঘাতের পর ২০২৫ সালের ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী।
আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে ভারতের বিমান চলাচল খাতে আর্থিক ক্ষতি তুলনামূলক বেশি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের বিমান চলাচল খাতে এর প্রভাব তুলনামূলক সীমিত ছিল।
এর আগেও বিভিন্ন সময়ে ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেসব ক্ষেত্রেও পাকিস্তানি উড়োজাহাজ সংস্থার তুলনায় ভারতীয় সংস্থাগুলোকে বেশি পরিচালনাগত জটিলতার মুখে পড়তে হয়েছিল।
সূত্র : জিউও নিউজ
মূল প্রতিবেদনে যান ↗