কালবেলা · রাজনীতি
ফিলিস্তিন ইস্যুতে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নে অনড় রাশিয়া ও ইরান: রুশ পররাষ্ট্রমন্ত্রী
১৯/১০/২০২৬

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আন্তর্জাতিক আলোচনার পেছনের সারিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাশিয়া ও ইরান অনড় অবস্থানে রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করতে ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
তিনি বলেন, বর্তমানে কেউ কেউ ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচ্যসূচির একেবারে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসংক্রান্ত প্রস্তাবগুলোর কার্যকারিতা ও গুরুত্বও খর্ব করার চেষ্টা চলছে।
লাভরভ জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসংক্রান্ত প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর পাশাপাশি লেবানন বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোও বাস্তবায়নের পক্ষে রাশিয়া ও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে।
এর আগে তিনি বলেন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসবে না রাশিয়া। কঠিন পরিস্থিতির মধ্যেও দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো কার্যকর করার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বারবার উল্লেখ করা কঠিন পরিস্থিতি সত্ত্বেও ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
সূত্র : তাস
মূল প্রতিবেদনে যান ↗