একরঙা শাড়িতে কী ভাবে সাজবেন?ছবি: রুশিতা বোস দত্ত
Published on
:
2 min read
সারাবছর শাড়ি পরা হয় না। কিন্তু পুজোয় (Durga Pujo 2026) অন্তত একদিন শাড়ি পরতেই হবে। কিন্তু জমকালো শাড়ি পছন্দ নয়। তাই একরঙা শাড়ি কিনেছেন। সলিড বডি, কনট্রাস্ট পাড়। কোনও বুটা বা মোটিফ নেই শাড়িতে। এমন সাদামাঠা শাড়ি পরে কি ভিড়ের মাঝে নজর কাড়া সম্ভব? অষ্টমীর অঞ্জলি হোক বা দশমীর সিঁদুর খেলা, একরঙা শাড়িতে বাজিমাত করতে পারেন খুব সহজে। কী ভাবে স্টাইল করবেন, রইল ৩ টিপস।
নজর দিন ব্লাউজ়ের রঙে
একরঙা শাড়ির রং বুঝে ব্লাউজ় বেছে নিন। একই রঙের ব্লাউজ় পরবেন না। যদি সাদা শাড়ির সঙ্গে লাল, নীল, গোলাপি— যে কোনও রঙের ব্লাউজ় বেছে নিতে পারেন। আবার যেমন লাল রঙের শাড়ির সঙ্গে সবুজ কিংবা সাদা রঙের ব্লাউজ় পরতে পারেন। এ ছাড়া কনট্রাস্ট পাড় হলে সেই রং অনুযায়ী ব্লাউজ পরতে পারেন। এতে আরও সুন্দর দেখতে লাগবে।
ব্লাউজ়েই করুন বাজিমাত
শাড়ি যখন সাদামাঠা, তখন ব্লাউজ় হোক জমকালো। সুতির শাড়ি হলে সুতির ব্লাউজ়ই বেছে নিন, কিন্তু সেটা প্রিন্টেড হোক। কিংবা তাতে সুতোর কাজ থাকুক। এ ছাড়া এমব্রয়ডারি করা ব্লাউজ় বেছে নিতে পারেন। ডিজ়াইনার ব্লাউজ়ও পরতে পারেন। এতে জমকালো লুক পাবেন। পাশাপাশি ব্লাউজ়ের নেকলাইনের উপরও জোর দেবেন। ডিপ ভি, হল্টার নেক কিংবা ব্যাকলেস ব্লাউজ়ও বেছে নিতে পারেন।
বেছে নিন সঠিক গয়না
ছিমছাম লুক চাইলে শুধু কানের দুল পরে নিন। হ্যান্ডলুমের শাড়ি হলে অক্সিডাইজ়ডের গয়না পরতে পারেন। জামদানি হলে সোনার গয়না বা সোনার জল করা গয়নাও পরা যায়। আবার যদি শিফন বা অরগেঞ্জার শাড়ি পরেন, তা হলে মুক্তোর গয়না বেছে নিতে পারেন। সিল্কের শাড়ির সঙ্গে কুন্দন কিংবা টেম্পল জুয়েলারি পরতে পারেন। শুধু মাত্র গয়না আর ব্লাউজ়ের উপর জোর দিলেই একরঙা সাদামাঠা শাড়িতেও হয়ে উঠবেন মোহময়ী।
FAQ
১. একরঙা শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ় পরবেন?
শাড়ির রঙের সঙ্গে কনট্রাস্ট করে এমন ব্লাউজ় পরুন। শাড়ির কনট্রাস্ট পাড়ের রঙের সঙ্গেও ব্লাউজ় মিলিয়ে নিতে পারেন।
২. সাদামাঠা শাড়িকে জমকালো দেখাবেন কী ভাবে?
এমব্রয়ডারি করা বা ডিজ়াইনার ব্লাউজ় এবং মানানসই গয়না দিয়ে সাদামাঠা শাড়িতেও আকর্ষণীয় লুক তৈরি করতে পারেন।
৩. হ্যান্ডলুম শাড়ির সঙ্গে কোন গয়না ভালো লাগে?
হ্যান্ডলুম শাড়ির সঙ্গে অক্সিডাইজ়ড গয়না বেশ মানানসই।
৪. অরগেঞ্জা শাড়ির সঙ্গে কেমন গয়না পরবেন?
অরগেঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর গয়না পরতে পারেন। এতে সাজে মার্জিত ও পরিশীলিত ছোঁয়া আসবে।
৫. পুজোয় একরঙা শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ়ের নেকলাইন বেছে নেবেন?
নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী ডিপ ভি-নেক, হল্টার নেক বা ব্যাকলেস ব্লাউজ় বেছে নিতে পারেন।
